
কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর এবং আশপাশের এলাকাকে পৌর শহর হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার।
চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী জনসভায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটি তারই বাস্তবায়ন বলে জানা গেছে।
বুধবার (৬ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-০২ শাখার উপসচিব আশফিকুর নাহার স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে পেকুয়াকে পৌর শহর ঘোষণা করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব এবং পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মো. ছফওয়ানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার নির্বাচনী এলাকা পেকুয়াকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিলেন।
জানা গেছে, পেকুয়া উপজেলা সদরকে পৌরসভা ঘোষণার অংশ হিসেবে ইতিমধ্যে সীমানা নির্ধারণ করে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি খসড়া প্রস্তাব পাঠিয়েছিল পেকুয়া উপজেলা প্রশাসন।
একইভাবে সম্প্রতি চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে মাতামুহুরীকে নতুন উপজেলায় উন্নীত করার সমীক্ষা প্রতিবেদনও পাঠিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন। মাতামুহুরীকে উপজেলা করার বিষয়েও নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন সালাহউদ্দিন আহমদ।
প্রসঙ্গক্রমে স্থানীয়রা জানান, সালাহউদ্দিন আহমদ যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে তার ঐকান্তিক প্রচেষ্টায় ২০০২ সালে বৃহত্তর চকরিয়া উপজেলা থেকে সাতটি ইউনিয়ন নিয়ে পেকুয়াকে উপজেলায় উন্নীত করা হয়েছিল।
এলাকাবাসীর মতে, সালাহউদ্দিন আহমদ যখনই জনগণকে কোনো প্রতিশ্রুতি দেন, তা খুব কম সময়ের মধ্যেই বাস্তবায়ন করে দেখান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণাকালে তিনি বলেছিলেন, আমার জন্ম হয়েছে দেশের উন্নয়নের জন্য।
সরকার গঠনের পর মন্ত্রী হয়েই পেকুয়া উপজেলা সদরকে পৌরসভায় রূপান্তরের মাধ্যমে তিনি তার কথা রেখেছেন। পেকুয়াকে পৌরসভা ঘোষণা করা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সেই অপেক্ষার পালা শেষ হলো বলে জানিয়েছেন উচ্ছ্বসিত পেকুয়াবাসী।
