বাঁশখালীর ইউএনও জামশেদুল আলমকে বদলি, কুমিল্লায় পদায়ন


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলমকে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে তাকে কুমিল্লা সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার গত ২০ এপ্রিলের এক প্রজ্ঞাপনের আলোকে এই বদলির আদেশ জারি করা হয়। সেখানে বলা হয়, মোহাম্মদ জামশেদুল আলমকে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১০ মে অপরাহ্ণে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

ওই অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নতুন ইউএনও যোগদান না করা পর্যন্ত বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন উপজেলা নির্বাহী কর্মকর্তার রুটিন দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গক্রমে উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে মোহাম্মদ জামশেদুল আলমকে বাঁশখালীর ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর একই বছরের ২৯ নভেম্বর তিনি বাঁশখালীতে এই দায়িত্বভার গ্রহণ করেন।

কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তিনি সমালোচিত হন। বিশেষ করে ২০২৫ সালের ২৮ জুলাই চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের আগমন উপলক্ষে বাঁশখালীর একটি সরকারি বালিকা বিদ্যালয়ের খেলার মাঠে রাতারাতি অস্থায়ী সড়ক নির্মাণের ঘটনা তখন দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মাঠের কাদা এড়িয়ে তৎকালীন জেলা প্রশাসক ফরিদা খানমের গাড়ি যাতে অনুষ্ঠানস্থলের একেবারে কাছে যেতে পারে, সেজন্য গভীর রাতে ১৩ হাজার ইট ও ২০ ট্রাক বালি দিয়ে তিন লাখ টাকার বেশি ব্যয়ে ওই অস্থায়ী সড়ক নির্মাণ করা হয়েছিল। এই বিতর্কিত ঘটনার পর ইউএনও মোহাম্মদ জামশেদুল আলম তীব্র সমালোচনার মুখে পড়েন।