
চট্টগ্রামের হাটহাজারী থেকে বিরল প্রজাতির ‘লালঘাড় ঢোঁড়া’ বা ‘রেড-নেকড কিলব্যাক’ (Red-necked Keelback) নামের একটি বিষাক্ত সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সন্দ্বীপ পাড়ার নোয়ামিয়া সর্দার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই বাড়ির বাসিন্দা আলাউদ্দীনের ঘরের রান্নাঘরে সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। আতঙ্কিত হয়ে তারা দ্রুত বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিবকে খবর দেন। খবর পেয়ে তিনি বিকেলে ঘটনাস্থলে যান এবং ওই রান্নাঘর থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিজ হেফাজতে নেন।
এ বিষয়ে জানতে চাইলে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিব বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার করা সাপটি বিরল প্রজাতির এবং এটি বেশ বিষধর। বর্তমানে সাপটি তার হেফাজতে রয়েছে। আগামীকাল শুক্রবার বন বিভাগের মাধ্যমে এটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে বলেও তিনি জানান।
