
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের কড়া সতর্কবার্তা দিয়েছেন সংসদ সদস্য এনামুল হক এনাম।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনে এসে কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে এবং এর প্রভাব পটিয়া হাসপাতালেও পড়েছে।
পরিদর্শনকালে রোগীদের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন যে, আগের তুলনায় সেবার মান কিছুটা ভালো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ও নার্স সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া ব্যাপক প্রচারণার বিষয়টি তার নজরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য এনাম আরও স্পষ্ট করে বলেন, হাসপাতালে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না এবং স্বাস্থ্যসেবায় কোনো গাফিলতি দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পটিয়া উপজেলা হাসপাতালে রোগীর তুলনায় শয্যা সংখ্যা অপ্রতুল উল্লেখ করে তিনি জানান, বিষয়টি তিনি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করেছেন। পাশাপাশি হাসপাতালটিকে ২০০ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর অনুরোধ জানিয়েছেন।
গ্রাম থেকে আসা মধ্যবিত্ত ও হতদরিদ্র পরিবারের মানুষরা যাতে সহজে এবং নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা পেতে পারে, সেজন্য সব ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এই মতবিনিময় সভাটি পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের চিকিৎসক, স্থানীয় সংবাদকর্মী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য এনামুল হক এনাম হাসপাতালের মহিলা, শিশু ও পুরুষ ওয়ার্ডের পাশাপাশি লেবার রুম এবং অপারেশন থিয়েটারও ঘুরে দেখেন। পরিদর্শনকালে চিকিৎসাধীন রোগীরা হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তাকে জানান। বিশেষ করে এক্স-রে মেশিন বিকল থাকা এবং অন্যান্য নানা অব্যবস্থাপনার বিষয় তারা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।
