চকরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত


কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘মোহনা’-এ এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপ।

সিপের পরিচালক (প্রোগ্রাম) একেএম আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

সিপের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন।

এ ছাড়া কর্মশালায় উপস্থিত থেকে নিজেদের বক্তব্য ও মতামত তুলে ধরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৈয়ব আলী এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজুল হক।

কর্মশালায় গবেষণার ফলাফল বিস্তারিতভাবে উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রভাষক মো. হোসাইন আল মাহবুব। তিনি মূলত কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নিয়ে ‘কোস্টাল বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস, ব্যবস্থাপনা ও প্রতিক্রিয়া কার্যক্রম মূল্যায়ন’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেন। এই কর্মশালায় উপকূলীয় অঞ্চলে বিদ্যমান দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরা হয় এবং বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে তা সফলভাবে মোকাবিলায় করণীয় সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় মানুষের জীবনমান ও জীবিকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। গবেষণার ফলাফলের ভিত্তিতে যা উঠে এসেছে, বাস্তবে তার সঠিক প্রয়োগ করতে হবে। তা না হলে এ ধরনের গবেষণার কোনো কার্যকারিতা থাকবে না বলে তিনি উল্লেখ করেন।

এমন সময়োপযোগী একটি গবেষণার জন্য তিনি উন্নয়ন সংস্থা সিপকে আন্তরিক ধন্যবাদ জানান। এ ছাড়া দুর্যোগ মোকাবিলায় চকরিয়ার সব এনজিওকে একসঙ্গে বসে গবেষণার প্রাপ্ত ফলাফল ও পরামর্শের ভিত্তিতে ভবিষ্যৎ কার্যপ্রণালী প্রণয়নের জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।