
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসে দুর্বৃত্তের গুলিতে হাসান রাজু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রেশমি আক্তার নামের ১২ বছরের এক শিশু আহত হয়েছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া সারা দেশে আরও ১৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ এবং কুপিয়ে খুনের ঘটনাও রয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়ার বিহারি কলোনিতে রাজুকে হত্যা করা হয়। নিহত হাসান রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়।
রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রৌফাবাদ বাঁশবাড়িয়ার বিহারি কলোনিতে বাসার সামনে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে এবং আশপাশে উৎসুক মানুষের ভিড় জমেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুখে মাস্ক পরা পাঁচ-ছয় যুবক এসে রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার পাশেই থাকা শিশু রেশমি আক্তারও গুলিতে আহত হয়।
নিহত রাজুর বোন রুমা আক্তার জানান, তার ভাই পেশায় একজন দিনমজুর। কয়েক দিন আগে তিনি বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। কারও সঙ্গে তার ভাইয়ের কোনো বিরোধ ছিল না বলে তিনি দাবি করেন।
তবে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।
