
চট্টগ্রামের লোহাগাড়ার কৃতী সন্তান, পদুয়া হেমায়তুল ইসলাম মাদ্রাসার মুহতামিম ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের ভাতিজা ও লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা সরওয়ার কামাল আজিজি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি শিক্ষা, ইসলামি আন্দোলন, রাজনীতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
দেশের একজন প্রখ্যাত দেওবন্দি ইসলামি পণ্ডিত হিসেবে ধর্মীয় অঙ্গনে তার ব্যাপক পরিচিতি ছিল।
তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর ছাড়াও শাহ ওয়ালী উল্লাহ একাডেমি চট্টগ্রামের পরিচালক ও জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম কওমি মাদ্রাসা পদুয়ার মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।
তার নেতৃত্ব, দ্বীনি খেদমত ও সাংগঠনিক কর্মকাণ্ড দেশের ইসলামি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অনুসারীরা মনে করেন।
এই বর্ষীয়ান আলেমের ইন্তেকালের খবরে দেশজুড়ে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
