
চট্টগ্রামের হাটহাজারীতে তাসরিন আকতার (২৫) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তাসরিন আকতার উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন মাহালুমা বাজার এলাকার ওবায়দুল্লাহ সওদাগর বাড়ির শাহাদাত হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি রাউজান উপজেলার গহিরা এলাকার রোজা আলী বাড়িতে। তার বাবা মুজিবুর রহমান ও মা রুবি আক্তার। ১৭ মাস বয়সী একটি পুত্রসন্তানও রয়েছে নিহত এই গৃহবধূর।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে পারিবারিক কলহের জেরে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাসরিন আকতার। পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজনের অমানবিক নির্যাতনের কারণেই তাদের মেয়ে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান শুক্রবার সন্ধ্যার দিকে জানান, এই ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
