নতুন কুঁড়ি স্পোর্টসে রাউজানকে হারিয়ে চ্যাম্পিয়ন পটিয়ার মেয়েরা


তৃণমূল পর্যায়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন হয়েছে পটিয়া উপজেলা মহিলা ফুটবল দল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনালে রাউজান উপজেলা মহিলা দলকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় পটিয়া উপজেলা মহিলা দল।

শনিবার সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজয়ী এই দল পরবর্তীতে জাতীয় পর্যায়ে চট্টগ্রামের হয়ে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবলের পাশাপাশি ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, কারাতে ও সাঁতারসহ জনপ্রিয় ৮টি খেলায় উপজেলা পর্যায়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরীরা অংশ নিচ্ছে।

শনিবারের ফাইনালে পটিয়া উপজেলার পক্ষে প্রথম গোল করেন তানজিনা আক্তার। দ্বিতীয় গোলটি আসে দুর্গা দাশের পা থেকে। পরে এই দুই খেলোয়াড়ের জোড়া গোলে পটিয়া ৪-০ ব্যবধানে এগিয়ে যায়। নির্ধারিত সময়ের শেষ দিকে রাউজান একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত খেলা ৪-১ গোলেই শেষ হয়।

দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন পটিয়া উপজেলার জোড়া গোলদাতা তানজিনা আক্তার। খেলা শেষে বিজয়ী পটিয়া উপজেলা দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এদিকে নতুন কুঁড়ি স্পোর্টস বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদের অভিনন্দন জানিয়েছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। একইসঙ্গে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মঈনুল আলম ছোটনও বিজয়ী দলকে উষ্ণ অভিনন্দন জানান।

শনিবার পটিয়া কৈয়গ্রামে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের সঙ্গে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি খেলোয়াড়দের উৎসাহমূলক নানা পরামর্শ দেন। পাশাপাশি বিজয়ী দলকে তার ব্যক্তিগত পক্ষ থেকে উপহার প্রদান করেন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুশীলনের জায়গা পেল পটিয়া মহিলা ফুটবল দল

মহিলা ফুটবল দলটি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হলেও দীর্ঘদিন ধরে তাদের নানা প্রতিবন্ধকতার মধ্যেই অনুশীলন করতে হতো। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে তাদের জন্য নির্ধারিত কোনো মাঠ ছিল না। বিষয়টি মহিলা দলের খেলোয়াড়রা সংসদ সদস্য এনামুল হক এনামের নজরে আনেন।

এ বিষয়ে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মঈনুল আলম ছোটন জানান, খেলোয়াড়দের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য। এর ফলে খুব শিগগিরই পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলা ফুটবলারদের আলাদাভাবে অনুশীলনের ব্যবস্থা করা হবে।