
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশের প্রকৃত চিত্র ও সত্য ঘটনা জনগণের সামনে উঠে আসবে বলে মন্তব্য করেছেন নগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন।
রবিবার (১০ মে) রাতে চট্টগ্রামে কর্মরত ভিডিও জার্নালিস্টদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ইকবাল হোসেন আরও বলেন, বর্তমান সময়ে ভিডিও জার্নালিস্টরা অত্যন্ত ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে কাজ করছেন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে তারা মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভিডিও জার্নালিস্টদের অবদান অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।
সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিসিজেএ সহসভাপতি সন্জিব দে বাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ এবং ফরিদ উদ্দিন।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম এবং নাজিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
