পেশাগত মর্যাদা ও নিরাপত্তার দাবিতে পটিয়ায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন


রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তা ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ফোরাম এবং পটিয়া মডেল ফারিয়া।

সোমবার (১১ মে) সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কয়েকশ ওষুধ কোম্পানির প্রতিনিধি মানববন্ধনে অংশ নিয়ে এই প্রতিবাদ জানান।

পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পটিয়া মডেল ফারিয়ার সভাপতি আবদুল আওয়াল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাবু, সদস্য আরিফুল ইসলাম, তমাল বড়ুয়া, মোহাম্মদ ইউনুছ, শরিফুল ইসলাম এবং রুবেল কান্তি নাথ। এ ছাড়া পটিয়া ম্যানেজার ফোরামের সভাপতি রেজাউল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক রুবেল রহমান রাতুল এবং উপদেষ্টা লিটন রায় সরকারও সেখানে বক্তব্য প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা কোনো দালাল নন। তারা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে এই পেশায় যুক্ত হয়েছেন। চিকিৎসকদের ওষুধ সম্পর্কে নিয়মিত অবহিত করাই তাদের প্রধান কাজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন মেডিকেলে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এমন অপমান ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সমাবেশ থেকে তারা বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘দালাল’ আখ্যা দিয়ে অপমান ও পুলিশে সোপর্দ করার ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে, পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না, প্রতিনিধিদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি পটিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সদরের পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।