রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস উদ্ধার করা হয়।

সোমবার (১১ মে) রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই মো. ইমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৬ নম্বর পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিমনগর এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের পাশে এই অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একদল ডাকাত অস্ত্রশস্ত্র ও একটি মাইক্রোবাস নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাহাদাত হোসেন প্রকাশ মানিক (৩২) নামের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ঘটনাস্থলে থাকা একটি কালো রঙের হাইস মাইক্রোবাস তল্লাশি করে দুটি ধারালো ছুরি, একটি লোহার কাটার, একটি দা, একটি শাবল ও দুটি কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার সাহাদাত হোসেন প্রকাশ মানিকসহ ছয়জন পলাতক আসামি এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিকে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।