একুশে পত্রিকায় সংবাদ: সাতকানিয়ায় ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা


দক্ষিণ চট্টগ্রামে যানবাহনে অবাধে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিষয়ে একুশে পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে মাঠে নেমেছে প্রশাসন। সোমবার (১১ মে) সকালে সাতকানিয়ার কেরাণীহাট রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যৌথ অভিযান চালিয়ে কয়েকটি এসি বাসসহ পাঁচটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ এবং পৃথক পাঁচটি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে গত ১৩ এপ্রিল একুশে পত্রিকায় ‘দক্ষিণ চট্টগ্রামে যত্রতত্র বাজছে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন, নির্বিকার প্রশাসন, অতিষ্ঠ জনজীবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। প্রসিকিউটর হিসেবে সেখানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, হাইড্রোলিক হর্ন ব্যবহার করে কোনো যানবাহনই আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। সাধারণ বাসের পাশাপাশি কয়েকটি এসি বাসেও নিষিদ্ধ হর্ন ব্যবহার করতে দেখা গেছে। শব্দদূষণের কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল বলেন, একুশে পত্রিকায় প্রকাশিত সংবাদটি প্রশাসনের নজরে আসার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। আজকের অভিযানে বিভিন্ন পরিবহনে ব্যবহৃত নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।

এই অভিযানে সাতকানিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।