
চট্টগ্রামের ফটিকছড়িতে সাপের কামড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করতে চার সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার তৈয়্যবিয়াপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. আয়াত ওই এলাকার স্থানীয় বাসিন্দা মো. রবিউল হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় মায়ের সঙ্গে বাড়ির সামনের টিউবওয়েলে পানি আনতে যায় আয়াত। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহত আয়াতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিক চিকিৎসা না দিয়ে রক্ত পরীক্ষা করতে গিয়ে দীর্ঘ সময় বিলম্ব করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর অবস্থার অবনতি হলে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা মুহাম্মদ শওকত বলেন, সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসা শুরু না করে পরীক্ষা-নিরীক্ষার নামে অনেক সময় নষ্ট করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হয়তো শিশুটিকে বাঁচানো যেত বলে তিনি আক্ষেপ করেন।
এই ঘটনার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি চিকিৎসাব্যবস্থার দুর্বলতা ও চিকিৎসকদের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তদন্তে চিকিৎসকদের গাফিলতির কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
