ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম: প্রতিকার চেয়ে ছাত্রসেনার স্মারকলিপি


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা ও রোগীদের ভোগান্তিসহ সব অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা শাখা। একই সঙ্গে স্বাস্থ্যসেবার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচও) নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের নেতারা এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি গ্রহণের সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) মুহাম্মদ তৌহিদুল আলম অভিযোগগুলো আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ইউএনও সাঈদ মুহাম্মদ ইব্রাহিম জানান, স্মারকলিপি প্রদানকারীদের যৌক্তিক দাবিগুলো আমলে নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করার জন্য ইউএইচওকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাকি বিষয়গুলোর ব্যাপারেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ছাত্রসেনার চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন শাকিল, ফটিকছড়ি (উত্তর) উপজেলার সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন, ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি কাজী মুহাম্মদ মহিউদ্দিন, ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্না এবং ফটিকছড়ি (উত্তর) উপজেলার সাধারণ সম্পাদক এয়াকুব আলী বাদশাহ্। এ ছাড়া নাজিরহাট পৌরসভার সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন, উপজেলা ছাত্রসেনা নেতা হাফেজ মুহাম্মদ বোরহান, মুহাম্মদ রায়হান এবং মুহাম্মদ নাঈম উদ্দীন সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল সহকারে নাজিরহাট বাজার প্রদক্ষিণ করে একটি মানববন্ধনে অংশ নেন এবং পরে সমাবেশে মিলিত হন। সেখানে তারা তাদের দাবিদাওয়া উত্থাপন করেন এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন শাকিল বলেন, দুই কর্মকর্তাই গুরুত্বের সঙ্গে তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেছেন। উপজেলার লাখ লাখ মানুষ এখানকার স্বাস্থ্যসেবার দিকে তাকিয়ে আছে বলেও তিনি মন্তব্য করেন।