সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার: মীর হেলাল


দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সরকার সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে।

বুধবার (১৩ মে) হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার, অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ এবং হালদা নদীর তীরবর্তী নিবন্ধিত মৎস্যজীবী ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা এবং আন্তস্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার গঠনের ৯০ দিনের মধ্যে নিজের সংসদীয় আসনে ৫৪টি উন্নয়ন প্রকল্পের মধ্যে বেশ কয়েকটির উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অনেকগুলোর কাজ চলমান রয়েছে। সংসদীয় এলাকার জনগণ তাকে চট্টগ্রাম বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে তার কাঁধে যে গুরুদায়িত্ব তুলে দিয়েছেন, তা পালনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন।

হালদা নদীকে হাটহাজারী তথা চট্টগ্রামের ঐতিহ্য উল্লেখ করে প্রধান অতিথি বলেন, এ নদী রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। নদীর ওপর নির্ভরশীলদের বিকল্প কর্মসংস্থান করে দিলে তাদের নদীর প্রতি মমত্ববোধ বাড়বে এবং জীববৈচিত্র্য রক্ষায় তারা আরও বেশি যত্নশীল হবেন। তাই উপজেলা মৎস্য বিভাগ এআইজি সহায়তা প্রকল্পের আওতায় ৭৫টি পরিবারকে সেলাই মেশিন দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল ঢেউটিন এবং নগদ দুই হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া অসচ্ছল দুই পরিবারের মধ্যে নগদ ছয় হাজার টাকা করে দেওয়া হয়েছে। সমাজসেবা দপ্তরের পক্ষ থেকে তিনজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং ১০টি দুস্থ পরিবারের প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সঞ্চালনায় ‘মাদকমুক্ত সমাজ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন র‍্যাব-৭ এর কর্মকর্তা সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরমেশ্ব দাশ, কেন্দ্রীয় বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাগির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম।

মাদকের বিষয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে না পারলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিপতিত হবে। দল, মত, জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জীবনের বিনিময়ে হলেও মাদকের কালো থাবা থেকে হাটহাজারী তথা দেশকে রক্ষার জন্য সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।