
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে চারটি দোকান ও একটি রিকশা গ্যারেজ পুড়ে গেছে। বুধবার (১৩ মে) ভোরে উপজেলার রোয়াজারহাট এলাকার জাকির আলম মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে জাহাঙ্গীর আলমের মালিকানাধীন দুটি সেমিপাকা ভাঙারির দোকান, আরিফুল ইসলামের একটি চায়ের দোকান, অরুণ মন্দিরের একটি রিকশা গ্যারেজ এবং জাকির আলমের একটি কাঁচা দোকান ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসকে প্রথম সংবাদ দেন উপজেলার মুরাদনগর এলাকার বাসিন্দা ও অটোরিকশাচালক মো. জামাল। তিনি জানান, ভোরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় তিনি দেখতে পান গ্যাস সিলিন্ডার থেকে আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়ছে। পরে তিনি দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনে গিয়ে বিষয়টি জানালে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, ভোর ৫টা ১২ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মাত্র এক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ৫টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৬টা ২০ মিনিটে তা সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।
প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
