সিদ্ধান্ত বদলে ১৪ মিনিট খেলা বন্ধ: রেফারি বিটুরাজ বড়ুয়াকে বাফুফের শোকজ


মাঠে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করে খেলার পরিবেশ বিঘ্নিত করা এবং ১৪ মিনিট খেলা বন্ধ থাকার ঘটনায় সাবেক ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাকে ১৪ মে বিকেল ৪টার মধ্যে বাফুফে সচিবালয় বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (১৩ মে) বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত এক চিঠিতে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের অনুলিপি বাফুফের সহসভাপতি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী বরাবরও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ‘ইউনাইটেড হেলথকেয়ার বাংলাদেশ ফুটবল লিগ ২০২৫-২৬’-এর ৭১ নম্বর ম্যাচে মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও আরামবাগ ক্রীড়া সংঘ। ওই ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বিটুরাজ বড়ুয়া।

ম্যাচের ৩২ মিনিটে ফাউলজনিত কারণে আরামবাগ ক্রীড়া সংঘের খেলোয়াড় কাওমে কিজোটাকে (জার্সি নম্বর-১১) হলুদ কার্ড প্রদর্শন করেন রেফারি। কিন্তু এরপর চতুর্থ অফিশিয়ালের হস্তক্ষেপে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে কাওমে কিজোটাকে লাল কার্ড দেখান। রেফারির এই সিদ্ধান্তে জটিলতা সৃষ্টি হয় এবং আরামবাগ ক্রীড়া সংঘ প্রতিবাদস্বরূপ খেলা থেকে বিরত থাকে।

পরবর্তীতে রেফারি বিটুরাজ বড়ুয়া পুনরায় তার সিদ্ধান্ত বদল করেন। তিনি প্রদর্শিত লাল কার্ডটি প্রত্যাহার করে আগের সিদ্ধান্ত বহাল রাখেন এবং কাওমে কিজোটাকে পুনরায় হলুদ কার্ড প্রদর্শন করে খেলা শুরু করেন। বারবার সিদ্ধান্ত পরিবর্তনের এই ডামাডোলের কারণে ম্যাচটি পুনরায় শুরু করতে ১৪ মিনিট বিলম্ব হয়।

ম্যাচের রেফারি হিসেবে উদ্ভূত এই পরিস্থিতির বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যার জন্যই বিটুরাজ বড়ুয়াকে কারণ দর্শানোর এই নোটিশ দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।