
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন কারাবন্দি কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদার।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয় ঘণ্টার জন্য তাকে এই মুক্তি দেওয়া হয়।
দুপুর ১২টার দিকে পুলিশ পাহারায় কক্সবাজার জেলা কারাগার থেকে কোনাখালী ইউনিয়নের বাংলাবাজারস্থ নিজ বাড়িতে পৌঁছান দিদারুল।
সেখানে হাজারো মানুষের উপস্থিতিতে স্থানীয় করিমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সমবেত মুসল্লিদের কাছে মায়ের জন্য দোয়া চান তিনবারের এই ইউপি চেয়ারম্যান।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, মায়ের মৃত্যুর পর দিদারুল হক সিকদারের আইনজীবী বুধবার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। মানবিক বিবেচনায় তা মঞ্জুর করা হয়।
ওসি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন কোনাখালী ইউনিয়ন পরিষদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া চেয়ারম্যান দিদারুল হক সিকদার।
এর আগে তার মা জান্নাতুল ফেরদৌস (৮২) বুধবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাংলাবাজার এলাকার প্রয়াত শাহাদাত আলী সিকদারের স্ত্রী।
