চকরিয়ায় হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের সন্ধানে ব্যতিক্রমী প্রচার


কক্সবাজারের চকরিয়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের পুনরায় টিকার আওতায় আনতে ব্যতিক্রমী প্রচার শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা।

‘ঘরে ঘরে বার্তা যাক, হামের টিকা সবাই পাক’ স্লোগানে মাঠপর্যায়ে এই অনুসন্ধান চলছে।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বাদ পড়া শিশুদের খোঁজ শুরু করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জায়নুল আবেদিন।

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি গ্রামের হাটবাজার ও স্টেশনগুলোতে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তিনি। বাদ পড়া শিশুদের দ্রুত নির্ধারিত কেন্দ্রে নিয়ে টিকা দেওয়ার আহ্বান জানাচ্ছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

ডা. জায়নুল আবেদিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী গত ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হয়।

উপজেলা সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিক ও বিভিন্ন স্কুল-মাদ্রাসা মিলিয়ে মোট ৪৩৫টি কেন্দ্রে এই কর্মসূচি চলে।

তিনি আরও জানান, এই ২০ দিনে উপজেলার ৮৭ হাজার ৯৩২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু অসুস্থতা বা মা-বাবার সঙ্গে বেড়াতে যাওয়াসহ নানা কারণে অনেক শিশু টিকা নেওয়া থেকে বাদ পড়ে যায়।

এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় টিকাদান কর্মসূচির মেয়াদ আরও দশ দিন বাড়িয়ে ২০ মে পর্যন্ত করা হয়েছে।

বর্ধিত এই সময়ের মধ্যে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতেই মাঠপর্যায়ে অনুসন্ধান ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান ডা. জায়নুল।