চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের ‘বিতর্কিত’ কমিটি বিলুপ্তির দাবি নতুন যুগ্ম আহ্বায়কের


চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে তা দ্রুত বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া যুগ্ম আহ্বায়ক তারেক রহমান।

গতকাল বুধবার ঘোষিত জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে পটিয়ার এই ছাত্রনেতাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বর্তমান জেলা কমিটির কার্যক্রম নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, “চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল এবং তা এখনও চলছে। এই কমিটি তৃণমূলের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।”

সাধারণ নেতাকর্মীদের প্রাণের দাবি উল্লেখ করে অবিলম্বে এই বিতর্কিত কমিটি ভেঙে দিয়ে নতুন ও শক্তিশালী কমিটি গঠনের আহ্বান জানান তিনি।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত তারেক রহমান স্কুলজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের অনুসারী। ওয়ান-ইলেভেন পরবর্তী বৈরী সময়ে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০১২ সালে তিনি নিজ ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।

দলীয় সূত্রে জানা যায়, দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে সদস্যসচিব পদপ্রত্যাশী ছিলেন তারেক। কিন্তু দলীয় কোন্দলের কারণে সেসময় তাকে সদস্য পদ থেকেও বঞ্চিত করা হয়, যা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের অনুসারী হিসেবে পরিচিত এই ছাত্রনেতাকে মূল্যায়ন করায় তার অনুসারী নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

তৃণমূলের নেতাকর্মীরাও মনে করছেন, তারেকের মতো পরীক্ষিত নেতাদের মূল্যায়নে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। একইসঙ্গে তার দাবির সঙ্গে একমত পোষণ করে জেলা ছাত্রদলকে বিতর্কমুক্ত করতে দ্রুত নতুন কমিটি দেওয়ার দাবি জানিয়েছেন তারাও।