
দুর্বৃত্তের হাতে নিহত সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল আজিজের মৃত্যুর চার মাস পর তার স্ত্রীর কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়।
বাবার মর্মান্তিক মৃত্যুর সময় এই শিশু মাতৃগর্ভে ছিল। পৃথিবীর আলো দেখার আগেই বাবাকে হারানো এই নবজাতকের জন্ম শোকাহত পরিবারটিতে কিছুটা হলেও সান্ত্বনা নিয়ে এসেছে। নিহত আজিজের আড়াই বছর বয়সী আরও একটি পুত্রসন্তান রয়েছে।
আবদুল আজিজ পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুরপাড়া এলাকার বাসিন্দা। গত বছর ইসলামী ব্যাংকের চাকরি হারানোর পর তিনি ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন।
চলতি বছরের ২২ জানুয়ারি রাতে ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রামে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন ২৩ জানুয়ারি সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবারের সদস্যদের অভিযোগ, আজিজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু ঘটনার চার মাস পেরিয়ে গেলেও একটি অপমৃত্যুর মামলা ছাড়া তদন্তে দৃশ্যত কোনো অগ্রগতি নেই।
স্বজনরা জানান, ঘটনার সময় কুমিল্লা রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক যুবককে এখনও আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা গেলে হয়তো এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা যেত।
আবদুল আজিজের বন্ধু ও ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নবজাতক সুস্থ আছে। তবে দীর্ঘ চার মাসেও হত্যার রহস্য উদঘাটিত না হওয়ায় চরম হতাশা ও দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে নিহতের পরিবার।
