
চট্টগ্রাম শিল্প পুলিশ-৩ এর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহমুদা বেগম সোনিয়া।
এর আগে তিনি ঢাকার উত্তরায় শিল্প পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সকালে বিদায়ী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম ইউনিটের দায়িত্বভার গ্রহণ করেন।
২৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০১০ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিলেট জেলা পুলিশে শিক্ষানবিশ হিসেবে তার কর্মজীবনের শুরু।
পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) সহকারী কমিশনার (সদর ও ট্রাফিক) এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সিএমপিতে কর্মরত অবস্থায় ২০১৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সোয়াট (SWAT) প্রশিক্ষণে অংশ নেন। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে এই বিশেষ প্রশিক্ষণ গ্রহণের ইতিহাস গড়েন।
পরবর্তীতে ২০১৬ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশ (IAWP) তাকে ‘কমিউনিটি সার্ভিস’ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করে।
কর্মজীবনে বিশেষ করে ভিকটিম সাপোর্ট সেন্টারে কাজ করা এবং অপরাধ দমনে তার নেওয়া নানা পদক্ষেপ সব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
শিক্ষাজীবনে মাহমুদা বেগম সোনিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজিতেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
