সড়ক দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেলেন বাঁশখালীর এমপি জহিরুল


চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তৈলারদ্বীপ সেতু এলাকায় তাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

বোয়ালখালী থেকে বাঁশখালী ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ির সঙ্গে জহিরুল ইসলামের গাড়ির ধাক্কা লাগে। এতে তার গাড়ির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয় এবং লুকিং গ্লাস খুলে পড়ে যায়।

সংসদ সদস্য জহিরুল ইসলামের একান্ত সচিব অ্যাডভোকেট জিএম সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চালকের তাৎক্ষণিক দক্ষতা ও উপস্থিত বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় সংসদ সদস্য জহিরুল ইসলাম সম্পূর্ণ অক্ষত আছেন।