
যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
শুক্রবার মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি নুরুল আমিন বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মেধা ও নেতৃত্ব বিকশিত হয়। মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে আমরা সবসময় কাজ করে যাব। তরুণদের সুস্থ বিনোদন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।
এর আগে ফুটবল উৎসবের ফাইনালে মিরসরাই জেনারেল হাসপাতালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম এমবিএইচ স্পোর্টিং। ফাইনাল খেলা ঘিরে পুরো মিরসরাইজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দর্শকদের ব্যাপক উপস্থিতি ও খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে জমে ওঠে এই আয়োজন।
ফুটবল উৎসব পরিচালনা পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারি মো. আবু নছর এবং মো. ইলিয়াস হোসেন জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতা, পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তৃতীয়বারের মতো সফলভাবে এই আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।
আয়োজন সফল করতে সার্বক্ষণিক সহায়তা প্রদানকারী মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর এবং উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন বাদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
আয়োজক কমিটির অন্যতম সদস্য মো. আবু নছর বলেন, মিরসরাইয়ে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে অনেকেই ঝরে পড়ে। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে এখানকার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। মিরসরাই ফুটবল একাডেমিকে খেলোয়াড়দের জন্য একটি ‘স্বপ্নঘর’ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহিউদ্দিন বাদল বলেন, উপজেলার ক্রীড়াঙ্গনের সীমাবদ্ধতাগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। এমপি মহোদয় আমাকে ক্রীড়া ক্ষেত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমরা সবাইকে নিয়ে ক্রীড়া সেমিনার, স্কুল-কলেজ ও একাডেমিভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করব এবং যোগ্য খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।
চ্যাম্পিয়ন দল টিম এমবিএইচ স্পোর্টিংয়ের মালিক মোফাজ্জল হোসেন রাজিব বলেন, খেলোয়াড়দের আত্মবিশ্বাস, আন্তরিকতা ও জয়ের ইচ্ছাশক্তির কারণেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। এই সুসংগঠিত আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত সৃষ্টি হবে।
ফাইনাল খেলা শেষে মহিউদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহাদাত হোসেন সাজু, মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন, হারুন অর রশিদ প্রমুখ।
