নানুপুর ব্যবসায়ী সমিতিকে ‘রাজনৈতিক ট্যাগ’ দেওয়ার প্রতিবাদ


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতারা।

শনিবার রাতে সমিতির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতি রাশেদুল আলমকে উদ্দেশ্য করে দেওয়া ‘মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহসাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাহের আলী। তিনি বলেন, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সহযোগিতায় সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে পরিচালিত হয়ে আসছে।

তিনি জানান, ২০২৩ সালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে বাজারের ইতিহাসে প্রথমবারের মতো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান কার্যকরী পরিষদ গঠন করা হয়। ওই নির্বাচনে বিপুল ভোটে রাশেদুল আলম সভাপতি নির্বাচিত হন।

লিখিত বক্তব্যে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর বর্তমান কমিটি বাজারের অবকাঠামো উন্নয়ন, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, দরিদ্র ও দুস্থদের শীতবস্ত্র প্রদান, নৈশপ্রহরীর সংখ্যা বৃদ্ধি এবং বাজারের নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগেই সাধারণ সভার মাধ্যমে আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নতুন নির্বাচন আয়োজনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কার্যালয়ে আবেদন করা হয়েছে।

ব্যবসায়ী নেতারা বলেন, তারা সবসময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। ভবিষ্যতে যিনিই দায়িত্বে আসুন না কেন, বাজারের স্বার্থে তাকে পূর্ণ সহযোগিতা করা হবে।

তাদের অভিযোগ, সম্প্রতি একটি পক্ষ ব্যবসায়ী কল্যাণ সমিতিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে সভাপতি রাশেদুল আলমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে বাজারের সব ব্যবসায়ী এই সমিতির সদস্য উল্লেখ করে ভবিষ্যতে ব্যবসায়ী সংগঠন নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান বক্তারা।

নেতারা দৃঢ়তার সঙ্গে বলেন, এটি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট একটি সংগঠন। কোনোভাবেই রাজনৈতিক ট্যাগ লাগিয়ে সমিতির সদস্যদের বিব্রত বা হয়রানি করা কাম্য নয়। এমনটি হলে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হবে এবং ব্যবসায়ীরাই বেশি ক্ষতির শিকার হবেন।

এসব মিথ্যা প্রোপাগান্ডা থেকে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তারা। সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় সমিতির পূর্ণাঙ্গ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।