মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে


চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই জোরারগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম হোসেন মিলনকে (৩৫) আটক করেছে।

নিহত ব্যক্তির নাম আবু আহমদ ডিলার (৭০)। তিনি ওই এলাকার ডিলারের বাড়ির মৃত নুরু ইসলামের ছেলে। ঘটনার সময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী জরিনা বেগমও ছেলের হামলায় আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু আহমদ ডিলার পেশায় একজন কৃষক। বার্ধক্য ও অসুস্থতার কারণে তিনি আগের মতো কাজকর্ম করতে পারেন না। তার ছেলে ইব্রাহিম হোসেন মিলন স্থানীয় বাজারে বাঁশ বিক্রি ও বিভিন্ন কাজ করে সংসারের হাল ধরেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ইব্রাহিমের মাদকাসক্তি এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে পরিবারে অশান্তি চলছিল। পরিবারের সদস্যদের নিষেধ অমান্য করে সে দিন দিন আরও বেপরোয়া হয়ে ওঠে।

শুক্রবার রাতে নিজ বাড়িতে মাদক সেবন নিয়ে বাবা আবু আহমদের সঙ্গে মিলনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে তার বাবার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শাহ আলম জানান, ছেলের মাদকাসক্তি ও আচরণ নিয়ে তার ভাই দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলেন। এর আগেও বেশ কয়েকবার ইব্রাহিম তার বাবা আবু আহমদকে মারধর করেছে। শুক্রবার রাতে মাদক সেবনে বাধা দেওয়ায় সে লাঠি নিয়ে বাবার ওপর হামলা করে। স্বামীর চিৎকার শুনে স্ত্রী জরিনা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। লাঠির আঘাত ও লাথিতে ঘটনাস্থলেই আবু আহমদের মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, উপজেলার করেরহাটে পারিবারিক কলহের জেরে বাবা আবু আহমদ ডিলারকে মারধর করে হত্যার অভিযোগে ছেলে ইব্রাহিম হোসেন মিলনকে রাতে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। ছেলেটি মাদকাসক্ত।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।