
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ দখলে থাকা প্রায় ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া মৌজায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুর রহমান টেন্ডল বাড়ির উত্তর রাঙ্গামাটিয়া মৌজার আরএস ৩১৬১ নম্বর এবং বিএস ৩৪৬৭ নম্বর দাগের তিন শতক সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেখানে একটি গোয়ালঘর নির্মাণ করে তিনি সেটি ভোগদখল করে আসছিলেন।
এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম থানা পুলিশের সহায়তায় ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অবৈধভাবে নির্মিত স্থাপনাটি গুঁড়িয়ে দিয়ে সরকারি জায়গাটি দখলমুক্ত করা হয়। উদ্ধার হওয়া এই তিন শতক জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি। জায়গাটি উদ্ধার করে পুনরায় সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
এই উচ্ছেদ অভিযানে ফটিকছড়ি সদর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শাহজাহান সিরাজী ও ফটিকছড়ি থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।
