
গত মাসে ভারী বৃষ্টি ও সামুদ্রিক জোয়ারের পানির প্রবল চাপে ভেঙে যাওয়া কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সোনালীবাজার এলাকার স্লুইসগেটের ভগ্নদশা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পূর্ব অঞ্চল) অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুবুর রহমান।
শনিবার বেলা ১১টার দিকে তিনি স্লুইসগেট এলাকায় পৌঁছান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রায়হান, বান্দরবান পাউবোর নির্বাহী প্রকৌশলী অপু দেব, উপবিভাগীয় প্রকৌশলী ধীমান কৃষ্ণ চৌধুরী, পেকুয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী জমির উদ্দিন এবং কার্যসহকারী ফোরকান উদ্দিন।
পরিদর্শনকালে পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুবুর রহমান সোনালী বাজারসংলগ্ন স্লুইসগেটের বর্তমান অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং এর সম্ভাব্যতা ও সুফল নিয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেন।
এ সময় তিনি পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং স্লুইসগেট ভেঙে যাওয়ার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে সেখানে একটি টেকসই ও স্থায়ী স্লুইসগেট নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে এলাকাবাসীকে আশ্বাস দেন তিনি।
পেকুয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত পাউবোর উপসহকারী প্রকৌশলী জমির উদ্দিন বলেন, সোনালীবাজার এলাকার স্লুইসগেটটি ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবান পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে সেখানে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করেছে। এর অংশ হিসেবে শনিবার সকালে পাউবোর অতিরিক্ত মহাপরিচালক সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করলেন।
তিনি আরও বলেন, অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনের পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী সেখানে একটি টেকসই ও স্থায়ী নতুন স্লুইসগেট নির্মাণের সম্ভাব্যতা নিশ্চিত হয়েছে। আশা করি, শিগগিরই সোনালীবাজার এলাকায় নতুন স্লুইসগেট নির্মাণকাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
