
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী ইশতেহারে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘স্বাবলম্বী পরিবার গড়তে’ দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে হতদরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্য সামনে রেখে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিটি পরিচালনা করছে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়। মূলত দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো সরকারি বিভিন্ন সহায়তা ও ভাতা সুবিধা পাবে।
শনিবার বিকেলে চাঁদপুর জেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের দুটি গ্রামের ৩০৫টি উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।
চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ সুগন্ধা মিলনায়তনে আয়োজিত এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজারের নারী সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান পিপিএম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন, জেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ শাহী নেওয়াজ এবং চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব।
এ ছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম এবং চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম।
পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সচিব, সব ইউপি সদস্য এবং উপকারভোগী পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, সরকারি নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলার প্রতিটি জনপদে হতদরিদ্র পরিবারের মাঝে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তারই আলোকে প্রথম পর্যায়ে কৈয়ারবিল ইউনিয়নের একটি ওয়ার্ডের দুটি গ্রামের ৩০৫টি পরিবারের মাঝে কার্ড বিতরণের মধ্য দিয়ে চকরিয়ায় এ কর্মসূচি শুরু হলো।
