
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এই ঘটনায় এজাহারভুক্ত মোট সাত আসামির মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার হওয়া জুবায়ের (২০) উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিন্দ্ধিপ্যা পাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার জয়নালের ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, স্কুলছাত্রী ধর্ষণ মামলার ৫ নম্বর আসামি জুবায়েরকে চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আরও চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার বাকি দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার উপজেলার ছদাহা ইউনিয়নের শহিদের নাল এলাকায় নবম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ সময় তার সঙ্গে থাকা অষ্টম শ্রেণিপড়ুয়া আরেক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে সাতকানিয়া থানায় সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
