
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষার শেষ দিনে খাতা না দেখানোর জেরে দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সাখাওয়াত হোসেন জিহান এবং মুনায়েমকে উত্তরপত্র দেখানোর অনুরোধ করে একই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী। এ সময় উত্তরপত্র না দেখানোয় পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুলের ১০-১২ জন পরীক্ষার্থী জিহান ও মুনায়েমকে ছুরিকাঘাত করে জখম করে। পরে অন্য সহপাঠীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার পরপরই পুলিশের কাছে অভিযোগ দেওয়া হলে অভিযান চালিয়ে উপজেলার করেরহাট বাজার এলাকা থেকে ঘটনায় জড়িত চার কিশোরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থীরা হলো—সাজিদ হোসেন রাফি (১৭), মুক্তাদুল ইসলাম মাহিদ (১৭), নওশীন ইসলাম রামীম (১৭) এবং মোশারফ হোসেন (১৭)। তারা সবাই করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, রাতব্যাপী অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
