
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আদর দাশ (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার চিরিঙ্গা মাতামুহুরী ব্রিজ পয়েন্টে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আদর দাশ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী খোদারকুম হিন্দুপাড়ার বাসিন্দা প্রবাসী প্রদীপ দাশের ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের আত্মীয় রনজিত দাশ জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আদর দাশ এলাকার কয়েকজন সহপাঠীর সঙ্গে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট চোরাবালিতে সে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, মাতামুহুরী নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সৎকারের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
