
চট্টগ্রামের হালদা নদী থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে রাউজান অংশের মদুনাঘাট এলাকার নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হালদা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রমজান আলী।
নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা পানিতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার বিকালেও মরদেহটি নদীতে ভাসতে দেখেছিলেন স্থানীয়রা। এ ছাড়া গত শনিবার কর্ণফুলী নদীর রাউজান অংশের লাম্বুরহাট এলাকায় স্থানীয় লোকজন একটি পুরুষের লাশ পানিতে ভেসে যেতে দেখেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ওই নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
হালদা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রমজান আলী বলেন, খবর পেয়ে আমরা নদী থেকে লাশটি উদ্ধার করি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
