
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় দুর্বৃত্তের গুলিতে দুই টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) চালক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৮ মে) মাগরিবের পর উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা ও ঘোনারমোড় এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে। তবে কী কারণে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
গুলিবিদ্ধ দুই টমটম চালক হলেন আকিব (২০) ও কাইয়ুম শরীফ (১৯)। তাঁদের মধ্যে আকিব বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে এবং কাইয়ুম চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের ছেলে বলে জানা গেছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আকিবকে রাত ৮টার দিকে এবং কাইয়ুমকে রাত ১০টার দিকে আনা হয়। তাঁদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
