
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হল থেকে দেশীয় অস্ত্র হাতে বের হওয়া এক যুবকের পরিচয় নিশ্চিত করেছেন চাকসু ভিপি ইব্রাহিম রনি।
ওই যুবকের নাম মোস্তাক প্রামাণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শাহ আমানত হল ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
গত ১৭ মে সন্ধ্যার পর শাহ আমানত হলের বাইরের সড়কে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর একপর্যায়ে শাহ আমানত হলের ভেতর থেকে মোস্তাক প্রামাণিককে কাপড়ে মোড়ানো একটি ধারালো রামদা হাতে বের হতে দেখা যায়।
অস্ত্র হাতে তাকে ছুটতে দেখে হলের ভেতর ও আশপাশে অবস্থান নেওয়া সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪২০ সদস্যের কমিটিতে মোস্তাক প্রামাণিকের কোনো পদ নেই। তবে তিনি চাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিকের অনুসারী হিসেবে ক্যাম্পাসে রাজনীতিতে সক্রিয় এবং শাহ আমানত হলে থাকেন। হল সংসদ নির্বাচনে জিএস পদে তিনি ৬৬০ ভোট পেয়েছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মোস্তাক প্রামাণিকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চাকসু ভিপি ইব্রাহিম রনি জানান, ১৭ মে খেলার মাঠের সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে শাহ আমানত হল উত্তপ্ত হয়ে ওঠে। সিসিটিভি ফুটেজে উদ্ভূত পরিস্থিতিতে একজনকে কাপড়ে মোড়ানো রামদা নিয়ে হল থেকে বের হতে দেখা যায়। অস্ত্রধারী ওই যুবক মোস্তাক। সে চবি’র রসায়ন বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের সক্রিয় কর্মী।
ইব্রাহিম রনি আরও বলেন, আমার প্রশ্ন হলো, সে এই অস্ত্র কোথায় পেল? ছাত্রদল কি তাহলে তাদের কর্মীদের হাতে ছাত্রলীগের মতো অস্ত্র তুলে দিয়ে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করে তুলতে চায়?
