চকরিয়ায় বাড়ির পাশে পুকুরে ডুবে চার বছরের শিশুর মৃত্যু


কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পাশে পুকুরে ডুবে মো. সাদিক (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু সাদিককে হারিয়ে তার পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঈদমনির কদ্দাছড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সাদিক ওই এলাকার মো. পারভেজের ছেলে।

শিশু সাদিকের আত্মীয় মো. হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পুকুরের পাশে খেলা করছিল সাদিক। খেলতে গিয়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর তিনি পেয়েছেন এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। শিশুটির লাশ দাফনের প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।