
চট্টগ্রামের আনোয়ারা থানাধীন বঙ্গোপসাগরের চার্লি অ্যাংকর পয়েন্টে একটি জাহাজে দুই বিদেশি ক্রুর মধ্যে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে রাফিফং কালাহান (৩০) নামের এক থাই নাগরিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাফিফং কালাহান থাইল্যান্ডের নাগরিক সান্যপং কালাহানের ছেলে। তিনি ‘এমটিকেপিপি০১’ (MTKPP01) নামের ওই জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন।
ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে আসা শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিনের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার আনোয়ারার চার্লি অ্যাংকর পয়েন্টে অবস্থানরত ওই জাহাজে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে কোনো বিষয় নিয়ে মারামারির সৃষ্টি হয়। এর একপর্যায়ে রাফিফং কালাহানকে ছুরিকাঘাত করা হয়।
পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে জাহাজের শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন চমেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
