হালদায় ৯১ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার


চট্টগ্রামের হালদা নদীতে ভাসমান অবস্থায় ফের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে রাউজান উপজেলার সিপাহির ঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

এ নিয়ে গত প্রায় আট বছরে হালদা নদী থেকে সব মিলিয়ে ৪৯টি ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হলো।

হালদা গবেষক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর রাউজান অংশে স্থানীয়দের সহযোগিতায় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এর ওজন প্রায় ৯১ কেজি। তিনি জানান, হালদায় ৭০ শতাংশ ডলফিনের মৃত্যু হয় কারেন্ট জালের কারণে। এ ছাড়া নদীতে খাবার সংকট, মারাত্মক দূষণ ও বয়সজনিত কারণেও কিছু ডলফিনের মৃত্যু হয়।

তবে মঙ্গলবার উদ্ধার হওয়া মৃত ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাই ধারণা করা হচ্ছে, বয়সজনিত কারণ অথবা খাবার সংকটে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে।

জানা গেছে, ডলফিনটির দেহের বিভিন্ন অংশে ব্যাপক পচন ধরেছিল। উদ্ধারের পর স্থানীয়ভাবে সেটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।