অটোরিকশা থেকে ফেলে দেওয়া সেই পুলিশ সদস্যের মৃত্যু


চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত আবদুল কুদ্দুস (৫৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। আজ বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন ট্রাফিক পুলিশ সদস্য আবদুল কুদ্দুস। এরপর তিনি সেটি চালকের সহায়তায় মনসুরাবাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছিলেন। পথে চালক হঠাৎ তাঁকে ধাক্কা দিয়ে অটোরিকশা থেকে নিচে ফেলে দেন। এ সময় ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আবদুল কুদ্দুস মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, অটোরিকশাচালকের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন পুলিশ সদস্য আবদুল কুদ্দুস। আহত অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা গেছেন।

তিনি আরও জানান, পুলিশ সদস্যকে ধাক্কা দেওয়ার ঘটনায় ঘটনার দিনই পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অটোরিকশাচালক আবদুল জলিলকেও তখন গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।