
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বহুল আলোচিত আকাশ দাস হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. রায়হান প্রকাশ রেন্ডিকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৭ ও র্যাব-৩-এর যৌথ অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২০ মে) গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, নিহত আকাশ দাস (২৬) দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা এবং পাহাড়তলী থানাধীন এসটেক প্লাস্টিক ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে ফ্যাক্টরির শোল্ডার শাখার কর্মচারী মাইকেলকে স্থানীয় সন্ত্রাসীরা পূর্ববিরোধের জেরে ফ্যাক্টরির গেট থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়। এ সময় আকাশ দাস তাঁকে উদ্ধার করে ফ্যাক্টরির মূল ফটকে নিয়ে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত নাজমুল হুদা, মো. মহসিনসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জন ধারালো অস্ত্র দিয়ে আকাশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁর বাবা বাবুল দাস রক্তাক্ত অবস্থায় আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ জানায়, হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি রায়হান প্রকাশ রেন্ডি ঢাকার হাজারীবাগ এলাকায় আত্মগোপনে রয়েছেন। এর ভিত্তিতে সোমবার রাতে হাজারীবাগ থানার কালুনগর ওয়ার্ল্ড ট্রেড প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রায়হান প্রকাশ রেন্ডির বাড়ি হবিগঞ্জ সদর থানার সওদাগর মিয়ার বাড়ি এলাকায়। তাঁর বাবার নাম ইসমাইল।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
