পটিয়ায় কোরবানির পশুর হাটে আকর্ষণ ‘আদর’, দাম ১০ লাখ টাকা


কোরবানির ঈদকে সামনে রেখে জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন এগ্রো ফার্ম। খামারিদের যত্নে লালন-পালন করা দেশি ও বিদেশি জাতের গরু দেখতে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট জিরি মাদ্রাসা রোড সংলগ্ন এলাকায় গড়ে ওঠা ‘একে সাফা এগ্রো’ তেমনি একটি জনপ্রিয় খামার। আর এই খামারের সবচেয়ে বড় আকর্ষণ ৩০ মণ ওজনের বিশালাকৃতির গরু ‘আদর’।

ফার্ম সূত্রে জানা যায়, ‘আদর’ নামের এই গরুটির দাম হাঁকানো হয়েছে ১০ লাখ টাকা। ইতোমধ্যে কয়েকজন ক্রেতা ৯ লাখ টাকারও বেশি দাম প্রস্তাব করেছেন। তবে খামার কর্তৃপক্ষ ১০ লাখ টাকার নিচে এটি বিক্রি করতে রাজি নন। উদ্যোক্তা আবদুল কাদের, কাইছার আলমসহ কয়েকজন মিলে ‘একে সাফা এগ্রো’ ফার্মটি গড়ে তুলেছেন।

‘একে সাফা এগ্রো’র উদ্যোক্তা পরিচালক আবদুল কাদের জানান, গরুটি স্বভাবসুলভ শান্ত ও মায়াবী হওয়ায় ভালোবেসে এর নাম রাখা হয়েছে ‘আদর’। প্রায় এক বছর ধরে বিশেষ পরিচর্যা ও প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করা হয়েছে। অনেকে ৯ লাখ টাকার বেশি দাম বলেছেন। তবে আমরা ১০ লাখ টাকার নিচে বিক্রি করতে চাই না। প্রয়োজন হলে আগামী বছরের জন্যও আমরা গরুটিকে প্রস্তুত রাখব।

তিনি আরও জানান, দীর্ঘ ১১ বছর ধরে তিনি এগ্রো ফার্মের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর খামারে শুধু ‘আদর’ নয়, দেশি ও বিভিন্ন উন্নত জাতের আরও শতাধিক গরু রয়েছে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এসব গরু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।

খামারটি ঘুরে দেখা যায়, প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ বড় গরু দেখতে আসছেন। এর মধ্যে বিশালাকৃতির ‘আদর’ সবার নজর কাড়ছে বেশি। খামার কর্তৃপক্ষের আশা, এবারের ঈদে তাদের ফার্মের গরুর ব্যাপক চাহিদা থাকবে।