মিরসরাইয়ে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতামূলক কর্মশালা


গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১২টায় মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। উপজেলা কো-অর্ডিনেটর (এভিসিবি ৩য় পর্যায়) অনিক বড়ুয়ার সমন্বয়ে এতে বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা, স্থানীয় পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারকরণ এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। তাই জনগণের মাঝে এ সেবা সম্পর্কে আরও ব্যাপক প্রচারণা চালাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন।