
কক্সবাজারের চকরিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে আনোয়ার হোসেন (৫৮) নামের এক শুঁটকি বিক্রেতার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্যারচর আমানপাড়া সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, আনোয়ার হোসেন প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও কাঁধে মাছের ভার নিয়ে হেঁটে বিক্রির উদ্দেশ্যে বের হন। বেলা ১১টার দিকে আমানপাড়া সড়ক অতিক্রম করার সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় সড়কে চলাচলকারী লোকজন মাছের ভারসহ এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, মৃত ব্যক্তির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোকে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
নিহতের পরিচয় নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি। তিনি জানান, আনোয়ার হোসেন দুই বছর আগে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা জালিয়াপাড়া এলাকায় বসবাস করতেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় থাকেন। সেখান থেকেই প্রতিদিন কাঁধে ভার নিয়ে গ্রামীণ এলাকায় মাছ বিক্রি করতে আসতেন।
