চট্টগ্রামে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা, সিইউজের নিন্দা


চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

বৃহস্পতিবার (২১ মে) আইনজীবী ভবনে সংবাদ সংগ্রহ করতে গেলে চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন এবং একই টেলিভিশনের ক্যামেরাপারসন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য অমিত দাশের ওপর কয়েকজন আইনজীবী এই হামলা চালান।

এই হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এই ঘটনার প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু স্বাধীন গণমাধ্যমের পরিপন্থীই নয়, এটি আইনের শাসনের প্রতিও চরম অবমাননাকর। আদালত প্রাঙ্গণের মতো একটি জায়গায় এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

অবিলম্বে এই হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সিইউজে নেতারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবীরা অংশগ্রহণ থেকে বিরত ছিলেন। এই নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়েই আইনজীবী ভবনে হামলার শিকার হন উল্লিখিত দুই সাংবাদিক।