
কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে খলিলুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এই ঘটনায় অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনারকে (২৮) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
নিহত খলিলুর রহমান ওই এলাকারই বাসিন্দা। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন খলিলুর রহমান। পথিমধ্যে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় ছেলে মোহাম্মদ মিনার।
এ সময় বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সে। হামলায় খলিলুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে, পিতাকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মিনার। তবে স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং পুলিশের কাছে হস্তান্তর করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মোহাম্মদ মিনার দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিল। পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল।
ওসি আরও জানান, পরিবারের করা ওই অভিযোগে মিনার কয়েক মাস কারাভোগও করে। সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে আসে এবং শুক্রবার বাড়ি ফেরার পথে বাবার ওপর এই নৃশংস হামলা চালায়।
খলিলুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
