হালদা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান, ২৩০০ মিটার অবৈধ জাল জব্দ


সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদীতে মা মাছের নিরাপদ প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে চার টুকরো অর্থাৎ দুই হাজার ৩০০ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী এই অভিযানে নেতৃত্ব দেন।

গোপন সংবাদের ভিত্তিতে হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর ও মোতালেবের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। নদীর নয়াহাট অংশ থেকে শুরু করে গুমানমর্দন এলাকা পর্যন্ত এই তল্লাশি চালানো হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অপরাধীরা দ্রুত সটকে পড়ে।

নদীর বিভিন্ন স্থান থেকে জব্দ করা এই জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদী কার্প জাতীয় মাছসহ সব জলজ প্রাণীর নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে। অবৈধ মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, জেলেদের অবৈধ জাল পাতা থেকে বিরত রাখতে শুক্রবার দুপুরে ৪০টি জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থানের উপকরণ দেওয়া হয়। মৎস্য অধিদপ্তরের চলমান হালদা প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল, একটি ছাগলের ঘর, প্রয়োজনীয় ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলেও জানান মো. শওকত আলী।