দেশে হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল


দেশে হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ জন শিশু।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাম ও এর উপসর্গে আরও ১৩ শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে এক শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারা দেশে আরও এক হাজার ৯৬৭ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হওয়া শিশুটির মৃত্যু হয়েছে বরিশালে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চারজন, সিলেটে চারজন, চট্টগ্রামে দুজন, বরিশালে একজন এবং ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৪২৬ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৮৬ জন শিশু। সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ৫১২-তে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৬২ হাজার ৫০৭ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ জন শিশু। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ জন শিশু।