পটিয়ায় বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত, আহত এক


চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় অপর এক কিশোর গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২৩ মে) বেলা পৌনে ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওয়ালিদ আল তাসনিম (১৬) ও শাহাদাত হোসেন সামি (১৫)। গুরুতর আহত কিশোরের নাম মো. তানভীর জয় (১৪)। তাদের সবার বাড়ি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।

প্রত্যক্ষদর্শী, হাইওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিন বন্ধু মিলে বাড়ি থেকে মোটরসাইকেলে (চট্টমেট্রো-ল ১৩-০৮৭৬) চড়ে কমলমুন্সিরহাট এলাকায় মিষ্টি খেতে যাচ্ছিল।

মহাসড়কের আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস (চট্টমেট্রো ব ১১-০৩৮২) তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত তানভীরকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুসিতা দে জানান, তিনজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তাদের শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

নিহত ওয়ালিদ আল তাসনিমের বাবা জাহেদুল ইসলাম শোকাহত কণ্ঠে বলেন, তিন বন্ধু সবসময় একসাথেই থাকত। আজ বাড়ি থেকে মিষ্টি খাওয়ার জন্য বের হয়ে তারা আর জীবিত ফিরল না।

পরিবার সূত্রে জানা যায়, নিহত ওয়ালিদ আল তাসনিম পটিয়া পৌর সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। নিহত শাহাদাত হোসেন সামি ও আহত তানভীর জয় উপজেলার কচুয়াই চক্রমালা কৃষি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।