২৩ দলের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা পড়েনি, তালিকায় বিএনপি-এনসিপি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ২৩টি দল নির্ধারিত সময়ে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। এই তালিকায় রয়েছে ক্ষমতাসীন বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম।

ব্যয়ের হিসাব জমা না দেওয়া এসব দলকে আরও এক মাস সময় বাড়িয়ে আগামী ১৩ জুন পর্যন্ত সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টিসহ নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। এরপর ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলীয়ভাবে এবং ৩০ দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। সেই হিসাবে গত ১৩ মে ছিল দলগুলোর হিসাব জমা দেওয়ার শেষ দিন। তবে আইনে ইসিকে আরও এক মাস সময় বাড়িয়ে দেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ ২৭টি দল তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে। বাকি ২৩টি দল হিসাব জমা দিতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি ইসির সভায় সময় বাড়িয়ে ১৩ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়া ২৩টি দল হচ্ছে—বিএনপি, এনসিপি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, যে দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনে ব্যয়ের হিসাব জমা দেয়নি, তাদের জন্য এক মাস সময় বাড়ানো হয়েছে। এরপরও যদি কোনো দল হিসাব জমা না দেয়, তবে আইনানুগভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের পর ১০ হাজার টাকা জরিমানা দিয়ে সংশ্লিষ্ট দল আরও ১৫ দিন সময় নিতে পারবে। কিন্তু এরপরও হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।